২০২৭ বিশ্বকাপে আর ফিরছেন না আমির, জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত – DesheBideshe



ইসলামাবাদ, ৩০ আগস্ট – ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলে মোহাম্মদ আমিরের ফেরার গুঞ্জন শুরু হলেও তা নাকচ করে দিয়েছেন এই বাঁহাতি পেসার। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অবসর ভেঙে দলে ফিরলেও পাকিস্তানের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছে বলে তিনি স্পষ্ট করেছেন।

সম্প্রতি ফুরকান ভাট্টির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে আমির তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

আমির জানান যে তিনি এখন ব্রিটিশ নাগরিক এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। নিয়মানুযায়ী কোনো ক্রিকেটার স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলার সময় একটি নথিতে স্বাক্ষর করেন যেখানে অন্য দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে না খেলার অঙ্গীকার থাকে। এর ফলে পাকিস্তানের জার্সি গায়ে আমিরের খেলার আর কোনো সুযোগ নেই।

পারিবারিক সূত্রে আগেই ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্ট অর্জন করেছিলেন আমির। ফলে এখন থেকে পাকিস্তান সুপার লিগের মতো আসরগুলোতে তাকে বিদেশি কোটায় খেলতে হবে।

২০০৯ সালে অভিষেকের পর পাকিস্তান দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পেসার। তিনি জাতীয় দলের হয়ে ৩৬টি টেস্টে ১১৯ উইকেট, ৬১টি ওয়ানডেতে ৮১ উইকেট এবং ৬২টি টি টোয়েন্টি ম্যাচে ৭১ উইকেট শিকার করেছেন। এছাড়া ২০০৯ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার অনবদ্য অবদান ছিল এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিনি ছিলেন দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬



Explore More Districts