সাবেক আইজিপি ও আইন কমিশনের সাবেক সদস্য ড. এনামুল হক আর নেই – DesheBideshe



ঢাকা, ৩০ আগস্ট – বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মৃত্যুবরণ করেছেন। রবিবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শোকবার্তায় জানানো হয় যে মরহুম এনামুল হক বর্তমান সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। ড. এনামুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

ড. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান।

পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণের পর ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬



Explore More Districts