মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা উন্নত সমাজ বিনির্মাণে অন্যতম শর্ত- এমপি মানিক

মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা উন্নত সমাজ বিনির্মাণে অন্যতম শর্ত- এমপি মানিক

চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক, জুনিয়র ও এসএসসি বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা একটি উন্নত সমাজ বিনির্মাণের অন্যতম শর্ত। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে বড় হতে হলে লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রত্যাশা ও সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাহিদা সুলতানা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী অথৈয় দাস তিথি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৯ম শ্রেণির ছাত্রী লামিয়া বিনতে আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করে সপ্তম শ্রেণির ছাত্রী অধরা রানী দাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাথমিক, জুনিয়র ও এসএসসি পর্যায়ে মোট ১১ জন বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন কৃতী শিক্ষার্থীকে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৮ নভেম্বর ২০২৬

Explore More Districts