চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর এবং আবদুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আট মাসের বেশি সময় ধরে প্রশাসকের দায়িত্বে থাকা বিএনপির এই দুই নেতা এখন রাজধানীতে দলের দুই সাংগঠনিক শাখারও শীর্ষ পদে এলেন।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। তাঁদের দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
আসন্ন সিটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে শফিকুল ইসলাম খান আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন তো আমি করব, দল তো আমাকে কোনো না কোনোভাবে সংকেত দিয়েছে। সেই কারণে আমার কর্মকাণ্ড সেভাবেই করার চেষ্টা করছি। সর্বোপরি দল যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের আলোকেই কাজ করব।’

