পুলিশকে তথ্য দেওয়ায় দুই সোর্সের বাড়িতে সন্ত্রাসীদের গুলি – দৈনিক আজাদী

পুলিশকে তথ্য দেওয়ায় দুই সোর্সের বাড়িতে সন্ত্রাসীদের গুলি – দৈনিক আজাদী

ফটিকছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর দিঘিরপাড় এলাকায় দুই ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের একজন আবছার চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করছেন। পাশাপাশি তার গাছের ব্যবসা রয়েছে। সম্প্রতি একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পর থেকে সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নিয়মিত চাঁদা দাবি করতে থাকে। এর আগে তারা রাতে রাবার বাগান আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বিবিরহাটকাঞ্চননগর সড়কে তার মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে। তিনি কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হন।

তিনি বলেন, ভোরে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল কাঁধে ব্যাগ নিয়ে আমার বাড়ির সামনে এসে আমাকে গালাগাল করে। টাকা না দিলে সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে তারা চলে যায়। যাওয়ার সময় বাড়ির পাশের একটি দোকান লক্ষ্য করেও গুলি করা হয়। একই সময়ে শাহজাহান নামে অপর এক ব্যক্তির বাড়িতেও গুলির ঘটনা ঘটে। তিনিও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অন্তত ৬ থেকে ৭ জন সন্দেহভাজনকে দেখা গেছে। তাদের মধ্যে দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নীরবতা ভেঙে হঠাৎ একের পর এক গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার কারণে ক্ষুব্ধ হয়ে অপরাধীরা এ হামলা চালিয়েছে।

Explore More Districts