| ৭ November ২০২৬ Saturday ৭:০৫:৩৭ PM | |
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর ধরে যেখানে জমে থাকত ময়লা-আবর্জনার স্তূপ, ছড়াত উৎকট দুর্গন্ধ, সেই স্থানেই এখন শোভা পাচ্ছে সবুজের সমারোহ। ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখের সেই পরিচিত ভাগাড় সরিয়ে গড়ে তোলা হয়েছে গ্রিন জোন। পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগে একদিকে যেমন পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে, অন্যদিকে নতুন করে সবুজায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন জোনটির উদ্বোধন করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশমুখে প্রায় ১৫ বছর ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। ভোগান্তিতে পড়তেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করে আবর্জনা অপসারণ করা হয়। পরে বালু দিয়ে জায়গাটি ভরাট করে সেখানে বিভিন্ন প্রজাতির ২০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার পরিবেশের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভার প্রবেশমুখে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখান থেকে ময়লা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর সৌন্দর্য ও সবুজ পরিবেশ বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


