টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ৯ গরু – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ৯ গরু – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের করটিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার অভিযোগে মো. মিজান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় নয়টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল গরুবাহী পিকআপটির গতিরোধ করে। পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেওয়া হয়। অপর ব্যক্তিকেও নামানোর জন্য ধস্তাধস্তি চলছিল।

এ সময় মহাসড়কে টহলরত এলেঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পুলিশ মিজানকে গ্রেপ্তার করে। অন্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে নয়টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।

Explore More Districts