যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণ-তরুণীর মৃত্যু

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণ-তরুণীর মৃত্যু

যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (১৯) ও মিথিলা আক্তার (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাঁদের অকালমৃত্যুতে দুই পরিবারে শোকের মাতম চলছে।

নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা আক্তার চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বাসিন্দা নাজমুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিথিলা ১৫০ সিসির একটি সাদা সুজুকি মোটরসাইকেল চালিয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে চৌগাছা থেকে আড়াদাহে চা খেতে যাচ্ছিলেন। পথে টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে পৌঁছালে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অয়ন ও মিথিলা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনার উদ্দেশে রওনা হওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

দুই তরুণ-তরুণীর এমন অকালমৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Explore More Districts