যশোরের কেশবপুর উপজেলা শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আনোয়ার হোসেন।
শহরের যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণের পাশাপাশি মহাসড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনগত অপরাধ। পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা ও শহরের যানজট কমাতে উপজেলা প্রশাসন ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মো. এনামুল হক, থানা-পুলিশের সদস্য, আনসার সদস্য এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহরের ফুটপাত দখলমুক্ত রাখার এ উদ্যোগের মাধ্যমে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজট কমবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।


