রংপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

রংপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছার মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রেজাউল করিম উপজেলার বড়পানসিয়া গ্রামের কৃষক আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। এক মাস আগে বাড়িঘর ভাঙচুর করেন এবং বাবা-মাকে আবারও মারধরের চেষ্টা করেন। এরপর প্রাণভয়ে ওই বাবা-মা অন্যের বাড়িতে আশ্রয় নেন। এক সপ্তাহ আগে মাদক কেনার টাকার জন্য রেজাউল করিম আবারও বাড়িঘর ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রেজাউলের বাবা মসজিদে দাঁড়িয়ে বিষয়টি সমাধানের জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা চান। বিষয়টি নিয়ে মীমাংসার জন্য বসলে, এলাকাবাসীর সামনে আবারও ঘরবাড়ি ভাঙচুর করেন এবং নিজে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেন রেজাউল। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে তাঁর বাবা-মাকে সঙ্গে করে থানায় নিয়ে যান। এরপর সন্ধ্যার দিকে মাদকাসক্ত রেজাউল করিমকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রংপুর সংবাদ/এস

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts