এক ভক্ত সিদ্ধার্থকে প্রশ্ন করেন, জীবনের এই নতুন অধ্যায় শুরু করে তিনি কেমন অনুভব করছেন? উত্তরে অভিনেতা লেখেন, ‘ঝাঁকুনি’—সঙ্গে ছিল আবেগঘন ইমোজি। অর্থাৎ, প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনার আনন্দের পাশাপাশি কিছুটা নার্ভাসনেসও কাজ করছে তাঁর মধ্যে।
শিশুশিল্পী থেকে জনপ্রিয় তারকা
সিদ্ধার্থ নিগমের ক্যারিয়ারের গল্পটিও বেশ আকর্ষণীয়। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন জাতীয় পর্যায়ের জিমন্যাস্ট। খেলাধুলার সেই দক্ষতাই পরবর্তী সময়ে তাঁর অভিনয়জীবনেও বিশেষভাবে কাজে এসেছে।
২০১৩ সালে যশ রাজ ফিল্মসের বহুল আলোচিত ছবি ‘ধুম ৩’ দিয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক। ছবিতে আমির খানের চরিত্রের ছোটবেলার রূপ—সাহির ও সমরের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সিদ্ধার্থ।
এরপর টেলিভিশনে একের পর এক জনপ্রিয় চরিত্রে দেখা যায় তাঁকে। ‘মহাকুম্ভ’, ‘চক্রবর্তীন অশোক সম্রাট’, ‘চন্দ্র নন্দিনী’—এসব ধারাবাহিক তাঁর পরিচিতি বাড়ায়। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ‘আলাদিন—নাম তো সুনা হোগা’ ধারাবাহিকের মাধ্যমে।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রচারিত এই ধারাবাহিকে আলাদিন চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শিশুশিল্পীর পরিচয় পেরিয়ে তখন তিনি হয়ে ওঠেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তরুণ মুখ।
