
ঢাকা, ৪ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে সরাসরি প্রবেশের সুযোগ থাকছে না। আগ্রহী দর্শনার্থীদের আগেভাগে অনলাইনে বুকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘর পরিদর্শনে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করবেন।
উদ্বোধনের দিনটি সংবাদকর্মী ও শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত থাকবে। পরদিন থেকে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ পাবেন। উপদেষ্টা বলেন, দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন করে নির্দিষ্ট স্লট বুক করার পরই দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নতুন দেশাত্মবোধক গান তৈরির প্রতিযোগিতায় জমা পড়া শতাধিক গানের মধ্য থেকে ২০টি গান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
৫ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক কনসার্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেখানে সেরা তিনটি গান পরিবেশন করা হবে। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৪ আগস্ট ২০২৬





