ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি – DesheBideshe

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি – DesheBideshe



ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি – DesheBideshe

তেহরান, ৫ জুন – ওমান উপসাগরে মোতায়েন করা একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা এবং নিয়মিত জাহাজ জব্দ করার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে মার্কিন সেনাবাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, গত বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগর থেকে তারা এমটি ডাভিনা নামক একটি রাষ্ট্রবিহীন ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করেছে। ইরানের চারপাশ দিয়ে জাহাজ চলাচল নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ট্যাংকার জব্দের ঘটনাটি ঘটে।

ইরানের পক্ষ থেকে আসা এই ড্রোন হামলার দাবিকে অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান তাদের কোনো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করেনি। তারা আরও জানায়, এমন কোনো ঘটনা ঘটলে তা বিদ্যমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে গণ্য হতো।

উল্লেখ্য যে দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে গত ৮ এপ্রিল উভয় দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে এর এক সপ্তাহ পার হতে না হতেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইরানি বন্দরে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, যদিও নির্দিষ্ট কিছু জাহাজকে সেখান দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে মার্কিন নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও গত সোমবার ইরানের চারটি তেলবাহী ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে।

এনএন/ ৫ জুন ২০২৬



Explore More Districts