জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আগামী ৩ জুন যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পুশইন ইস্যুতে আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, তিনি ওইদিন সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সড়কপথে শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় গিয়ে সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন।
তবে বেনাপোলের কোন স্থানে সভাটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।আজ ২ জুন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল বেনাপোল সফর করে সম্ভাব্য স্থান পরিদর্শন ও নির্বাচন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে সভাটিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত পরিস্থিতি এবং বিএসএফের পুশইন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি ভারতবিরোধী বক্তব্য দেওয়া হলে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এছাড়া সভায় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোকে লক্ষ্য করে উসকানিমূলক বা আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হলে স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


