
কুষ্টিয়া, ২ জুন – কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কুষ্টিয়া আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন।
সোমবার বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। হামলায় এমপির শ্যালক সাংবাদিক আবু বক্কর এবং তার ব্যক্তিগত গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায় সংসদ সদস্য আমির হামজা এবং তার পরিবারের সদস্যরা পৃথক গাড়িতে কুষ্টিয়া থেকে জীবননগর যাচ্ছিলেন। হাসাদাহ বাজারে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তার দুই ছেলে শাহরিয়ার ও রিমন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আক্রান্ত আবু বক্কর জানান তিনি পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং সংসদ সদস্যকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায় ঘটনার শিকার পরিবারের সদস্যরা বর্তমানে থানায় রয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএন/ ২ জুন ২০২৬



