সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রতিবারের মতো এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সকাল ৬টা থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিদের সারি ছড়িয়ে পড়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশের সড়ক পর্যন্ত।
নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। ঈদের নামাজে ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের মুক্তি ও নিরাপত্তা কামনা করা হয়। এসময় আবেগঘন পরিবেশে অনেক মুসল্লিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ঈদের প্রধান জামাতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিন পর এত বিপুল মানুষের একসঙ্গে ঈদ জামাতে অংশগ্রহণে মুসল্লিদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।
ঈদ জামাতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শাহী ঈদগাহ এলাকা চার স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়। মোতায়েন ছিল সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল টিম, ট্রাফিক পুলিশ, ড্রোন নজরদারি ও রুফটপ ইউনিট। নগরীর অন্যান্য এলাকাতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
এদিকে, এবছর সিলেট জেলা ও মহানগরজুড়ে মোট ২ হাজার ৭০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৯৬টি এবং জেলায় ২ হাজার ৩১০টি জামাত অনুষ্ঠিত হয়। মহানগরের ৩২৫টি মসজিদ ও ৭১টি ঈদগাহে এবং জেলার ১ হাজার ৯৯০টি মসজিদ ও ৩২০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনন্য মিলনমেলায় পরিণত হয় সিলেটের এবারের ঈদুল আযহার প্রধান জামাত।

