চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন – দৈনিক আজাদী

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন – দৈনিক আজাদী





চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে আগুন নেভাতে কোস্ট গার্ডের বিশেষায়িত একাধিক ইউনিট একযোগে অভিযান চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি আধুনিক ফায়ার ফাইটিং টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগার পর সমুদ্রের বুকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। কয়েক ঘণ্টা ধরে চলা অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

তবে কী কারণে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়েছে, কিংবা এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।




Explore More Districts