ভবিষ্যতে পাকিস্তান দলের নেতৃত্ব দিতে প্রস্তুত বাবর আজম – DesheBideshe

ভবিষ্যতে পাকিস্তান দলের নেতৃত্ব দিতে প্রস্তুত বাবর আজম – DesheBideshe



ভবিষ্যতে পাকিস্তান দলের নেতৃত্ব দিতে প্রস্তুত বাবর আজম – DesheBideshe

ইসলামাবাদ, ৩ মে – ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব পুনরায় গ্রহণ করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে দ্বিতীয়বার দায়িত্ব নিতে তিনি দ্বিধা করবেন না বলে জানিয়েছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল নিয়ে ব্যস্ত থাকা এই তারকা ব্যাটসম্যান সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে নিজের ভাবনার কথা তুলে ধরেন।

বাবর আজম জানান যে অধিনায়কত্বের বিষয়টি আপাতত তার মুখ্য ভাবনায় নেই। এই মুহূর্তে তার পূর্ণ মনোযোগ পিএসএলের ফাইনালকে ঘিরে। তবে ভবিষ্যতে যদি তেমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় তবে পাকিস্তান ক্রিকেটের মঙ্গলের জন্য যা প্রয়োজন তিনি সবসময় তাই করবেন বলে মন্তব্য করেন। চলমান পিএসএলে পেশোয়ার জালমির হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন বাবর।

টুর্নামেন্টে ইতিমধ্যে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ফাইনালে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। মাঠের বাইরের সমালোচনা প্রসঙ্গে পেশোয়ার জালমির এই অধিনায়ক বলেন যে তিনি ভালো খেলুন বা না খেলুন সমালোচনা হবেই। তাই সেদিকে কান না দিয়ে নিজের খেলা উপভোগ করার চেষ্টা করেন তিনি।

ভক্ত ও সমর্থকদের ভালোবাসা তাকে প্রতিনিয়ত আত্মবিশ্বাস জোগায় বলে উল্লেখ করেন বাবর আজম। উল্লেখ্য যে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন বাবর।

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে আবারও অধিনায়ক করা হলেও দলের আশানুরূপ ফলাফল না আসায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এস এম/ ৩ মে ২০২৬



Explore More Districts