
ঢাকা, ১ মে – ইরান ইস্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৩০ এপ্রিল সংসদে ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছিলেন যে কেন একটি বন্ধুরাষ্ট্র বলে যে চরম দুঃসময়ে তারা বাংলাদেশকে পাশে পায়নি। এই বক্তব্যের সূত্র ধরেই শুক্রবার মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় জানানো হয়েছে যে চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের অনুসৃত নীতি প্রশংসিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি একটি বিবৃতি দিয়ে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে। ওই একই বিবৃতিতে ইরান দূতাবাস মিডিয়ায় তাদের বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে দেশটির জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
মূলত ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই বলেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনএন/ ১ মে ২০২৬




