ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe



ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ইসলামাবাদ, ২৬ এপ্রিল – ওমান সফর সমাপ্ত করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোবাবার ইসলামাবাদের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে তিনি অবতরণ করেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে পাকিস্তান ও ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি গত শনিবার ওমান সফরে যান। ওমানের বাদশাহর সাথে বৈঠকের পর তিনি আবারও পাকিস্তানে ফিরলেন।

এর আগে ইসলামাবাদে অবস্থানের সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার কার্যকর রূপরেখা এবং ইরানের অবস্থান নিয়ে আলোচনা হয়।

এদিকে শনিবার আরাঘচির পাকিস্তান ত্যাগের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করার ঘোষণা দেন। এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে পাকিস্তানে সংক্ষিপ্ত অবস্থান শেষে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করবেন। এ ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে যে উভয় নেতা চলমান কূটনৈতিক প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে কথা বলেছেন।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬



Explore More Districts