কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে ১২ মে – DesheBideshe

কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে ১২ মে – DesheBideshe



কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে ১২ মে – DesheBideshe

প্যারিস, ২৬ এপ্রিল – বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আয়োজনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মে থেকে শুরু হতে যাওয়া এই জমকালো উৎসব চলবে ২৩ মে পর্যন্ত।

সম্প্রতি ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আসরের আনুষ্ঠানিক লাইনআপ প্রকাশ করা হয়।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগে বিশ্বের নানা প্রান্তের ২১ জন প্রথিতযশা নির্মাতা স্থান করে নিয়েছেন। উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম দ্যর জয়ের দৌড়ে রয়েছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে এডা এবং পাওয়েল পাওলিকোভস্কির মতো বিশ্বখ্যাত নির্মাতারা।

এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন নির্মাতা হিসেবে একমাত্র ইরা স্যাক্সের সিনেমা দ্য ম্যান আই লাভ মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফিয়র্ড, ফাদারল্যান্ড, প্যারালাল টেলস এবং অল অব আ সাডেন। এছাড়া হিরোকাজু কোরে এডার শিপ ইন দ্য বক্স সিনেমাটি নিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। বিশেষ প্রদর্শনীতে থাকছে জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা।

এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা পার্ক চ্যান উক। পাশাপাশি আজীবন অবদানের জন্য সম্মানসূচক পাম দ্যর পাচ্ছেন পিটার জ্যাকসন এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।

আগামী ২৩ মে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামবে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬



Explore More Districts