যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহান ওই গ্রামের বাসিন্দা চিন্ময় রায়ের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠানে খেলছিল আহান। খেলার একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে সে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে তার বাবার মালিকানাধীন পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত যশোর সদর হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশুটি খুব ছোট হওয়ায় সবার অগোচরেই পুকুরের ধারে চলে গিয়েছিল। এ আকস্মিক মৃত্যুর ঘটনায় খড়িসাডাঙ্গা গ্রাম ও পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Explore More Districts