চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ১২ জানুয়ারি পর্যন্ত – DesheBideshe

চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ১২ জানুয়ারি পর্যন্ত – DesheBideshe

চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ১২ জানুয়ারি পর্যন্ত – DesheBideshe

ঢাকা, ০৭ জানুয়ারি – মাঘ মাস শুরু হওয়ার আগেই দেশজুড়ে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সংস্থাটি জানায়, ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে এবং এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান, বলেন, দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে এবং চলতি সপ্তাহজুড়েই শীতের তীব্রতা বজায় থাকতে পারে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়া সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬



Explore More Districts