হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী এলাকায় শ্বাসরোধে স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২–এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন–নাছির উদ্দিন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার বাসিন্দা। তবে ঘটনাস্থল তথা হাহাজারীর চিকনদণ্ডী এলাকায় বসবাস করে আসছিলেন। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ–উল আলম চৌধুরী মারুফ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০২০ সালের ২২ মে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের নেহালপুর এলাকায় গৃহবধু জেসমিন আক্তার করপুন খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় জেসমিনের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে স্বামী নাছির উদ্দিনের বিরুদ্ধে হাটহাজারী খানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, বিয়ের দুই বছর পর নাছির উদ্দিন ব্যবসার জন্য ৫ লাখ টাকা যৌতুক চেয়ে বসে। অপারগতা প্রকাশ করলে জেসমিন আক্তারকে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে ২ লাখ টাকা দেওয়া হলেও পরে আবারও ৩ লাখ টাকা চাইলে জেসমিনের সাথে তার মতবিরোধ শুরু হয়। জেসমিন আক্তারকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ মে রাতে শ্বাসরোধ করে জেসমিনকে হত্যা করা হয়। আদালতসূত্র আরো জানায়, তদন্ত শেষে ২০২১ সালের ১০ মে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই ধারাবাহিকতায় চার্জগঠনের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।
