শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে মাহবুবুর রহমান মজনু, হারুন-অর-রশিদ, খন্দকার আজিজুল হক মনি, অ্যাডভোকেট আবুল হোসেন, শাহিন ইকবাল, অ্যাডভোকেট আয়নাল হোসেন, ইজিয়ার আবু হাসান, অর্চনা বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, দীপঙ্কর দাস রতন, বীথিকা সরকার, আমিনুর রহমান হিরু, শাজ্জাদুর রহমান খান বিপ্লব, শ্রাবণী সুর, সুকান্ত দাস, হাবিবা শেফা, আফরোজা বেগম, সুলতানা রহমান জলি, উথে মাকসুদা মাসু, অ্যাডভোকেট কামরুন নাহার কনা ও ঝোলা মরদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

