বাংলাদেশ তাহলে দুটো কারণে মিরপুর টেস্টটা হেরেছে!
এক. বাংলাদেশের স্পিনাররা ভালো বোলিং করেননি।
দুই. ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোভাবে সামলাতে পারেননি।
চতুর্থ দিনের মধ্যেই ৮ উইকেটে হারের পর গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও হারটাকে এভাবেই ব্যাখ্যা করেছেন। টেস্টের আরও অনেক কিছু নিয়েই তিনি কথা বলেছেন। তবে মূল কথা, স্পিনের চক্করে পড়েই বাংলাদেশের হার।
স্পিনের এই চক্কর কিন্তু আবার বাংলাদেশেরই সৃষ্টি। মানে স্বাগতিক দল যেহেতু, তারা তো ঘরের মাঠের সুবিধা নিতেই চাইবে। এটা দোষের কিছু নয়; কিন্তু সমস্যা হলো আপনার আমগাছে আম থাকলেই শুধু হবে না—আপনাকে আম পাড়তেও জানতে হবে। এই টেস্টে বাংলাদেশ সেই আমটাই পেড়ে খেতে পারেনি। উল্টো তাদের গাছের আম পেড়ে নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ!

