প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ও তার ছোট বোনের জানাজা একই মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দলবল নির্বিশেষে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ৮ মে সোমবার সকাল ১১ টায় নিজ বাড়ি মাধখলা ইংলিশ এডুকেশন স্কুল মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজার নামাজে উপস্থিত থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু ।
জানা যায়,রবিবার (৭ জুন) দুপুরে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর জানার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর বড় বোন রাশিদা বেগমও ইন্তেকাল করেন, যা একই পরিবারের জন্য গভীর শোকের ঘটনা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মো. আনিছুর রহমান ছিলেন শ্রীপুরের রাজনীতি ও স্থানীয় সরকারের এক পরিচিত ও জনপ্রিয় মুখ। ছাত্র জীবনে তিনি জাতীয় ছাত্রলীগের নেতৃত্ব দেন।তিনি ১৯৯১ সালে শ্রীপুর সরকারী কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়ে পরবর্তীতে টানা চারবার দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে শ্রীপুর পৌরসভায় ব্যাপক উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং অবকাঠামোগত অগ্রগতি সাধিত হয়।
একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি দীর্ঘদিন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক, সাহসী নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে শ্রীপুরবাসীর হৃদয়ে স্থায়ী স্থান করে দিয়েছে।যা তাকে শ্রীপুর পৌর পিতা ও ম্যাজিক ম্যানের খ্যাতি এনে দিয়েছিলো।
মো. আনিছুর রহমান(৬৭) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
জুলাই অভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে চলে যান।
তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস,কিডনি জটিলতাসহ নানান ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন । কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার কিডনি ডায়ালাইসিসি কালে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট নেওয়া হয়।রবিবার দুপুরের দিকে হাসপাতাল কতৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর বিষয়টি পারিবারের সদস্যদের নিশ্চিত করেন।সোমবার সকাল ১১ টায় নিজ বাড়ি মাধখলায় তার প্রতিষ্ঠিত ইংলিশ এডুকেশন স্কুল মাঠে ভাই বোনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয় স্বজন গুনগ্রাহী ও নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকের স্রোতে ভাসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।, অসংখ্য সমর্থকরা ফেসবুকে মেয়রের মৃত্যুতে শোক জানিয়ে সমবেদনা প্রকাশ করছেন।
জানাজার নামাজে উপস্থিত হয়ে গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন,”শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিসুর রহমান ও তাঁর সহোদর বোনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
মরহুম ও মরহুমাকে আল্লাহ জান্নাতবাসী করুক।
পরিবার যেনো এই শোক সহ্য করতে পারে আল্লাহ তাঁদেরকে এই তৌফিক দান করুক।আমিন।”
মেয়র আনিছুর রহমানের মৃত্যু তে শোক জানিয়েছেন সাবেক মন্ত্রী অধ্যাপক রোমানা আলী টুসি,সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,সাবেক সাংসদ ইকবাল হোসেন সবুজ,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল।জানাজার নামাজে উপস্থিত হয়ে সমবেদনা জানান,পীরজাদা এসএম রুহুল আমিন,উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান,বিএনপি নেতা শাহজাহান ফকির, আক্তারুল আলম মাস্টার, ডা. শফিকুল ইসলাম, আবুল হোসেন প্রধান, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল ও মহতাব উদ্দিন প্রমুখ।


