আধুনিক সরঞ্জাম থাকলেও কাজে আসছে না ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর

আধুনিক সরঞ্জাম থাকলেও কাজে আসছে না ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর

৮ June ২০২৬ Monday ৩:৩২:৪৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

আধুনিক সরঞ্জাম থাকলেও কাজে আসছে না ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর

দামি ওষুধ, যন্ত্রপাতিসহ আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল থাকলেও চিকিৎসাসেবায় কোনো কাজে আসছে না। ঝালকাঠি জেলা ও উপজেলাগুলোতে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মকর্তার পদ শূন্য থাকায় চরম সংকট আর অনিয়মের মধ্য দিয়েই চলছে প্রাণিসম্পদ অধিদফতর।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ দফতরের অনুমোদিত ৬৮টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩০ জন। বাকি ৩৮টি পদ শূন্য। এর মধ্যে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক, জেলা ভেটেরিনারি অফিসার, থেরিওজেনোলজিস্ট এবং বৈজ্ঞানিক কর্মকর্তার প্রতিটি পদই শূন্য রয়েছে।

চারটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র দুইজন। এছাড়া উপজেলার প্রাণিসম্পদ সহকারীর চারটি পদই ফাঁকা রয়েছে। ১২ জন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে কর্মরত আছেন মাত্র ৬ জন। ফলে জেলার একটি এবং চার উপজেলার চারটিসহ মোট পাঁচটি প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল পরিচালনায় বেশিরভাগ সময়েই প্রতিটিতে মাত্র দুই থেকে চারজন কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে।

অনুমোদিত পদের বিপরীতে অর্ধেকেরও কম জনবল থাকায় নিয়মিত তদারকি, চিকিৎসা সেবা এবং খামারিদের পরামর্শ প্রদান ব্যাহত হচ্ছে। এতে গৃহপালিত পশু থেকে শুরু করে খামারের গবাদিপশুর চিকিৎসায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে খামারিদের।

অন্যদিকে জেলায় থাকা চারটি আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল, দামি ওষুধ ও যন্ত্রপাতি থাকলেও সেগুলোও কার্যত কোনো কাজে আসছে না। জেলা সদরের বেশাইনখানের খামারি আব্দুল মালেক বলেন, কখনোই এই ভ্রাম্যমাণ হাসপাতাল দেখিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শেই পশুর চিকিৎসা নেই।

সদরের পোনাবালিয়ার সাধারণ গৃহস্থ আবুল ফকির জানান, তাদের সঙ্গে পশু চিকিৎসকদের বছরে একবারও যোগাযোগ হয় না। তারা কোনো খোঁজখবরও রাখেন না। পশু অসুস্থ হলে গ্রামের বেসরকারি ডাক্তারই ভরসা।

এসব সমস্যার কথা স্বীকার করে ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোধ বরণ জয়ধর বলেন, শূন্যপদ পূরণে জোর চেষ্টা চলছে। তবে কম জনবল নিয়েও সাধ্যমতো সেবা দেয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts