রংপুরে বস্তাবন্দি গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ
স্টাফ রিপোর্টার >>।
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে নার্গিস বেগম (৪০) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাশের জমি চাষ করার সময় দুর্গন্ধ পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি পুকুরপাড়ে যান। সেখানে কচুরিপানার ওপর একটি অর্ধগলিত পা দেখতে পান তারা। পরে বস্তার ভেতর থেকে দুর্গন্ধ আসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বস্তাটি উদ্ধার করলে এর ভেতর থেকে নার্গিস বেগমের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
নিহত নার্গিস বেগম উপজেলার মরারপাড়া এলাকার রাসেল মিয়ার স্ত্রী।
স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে পরিচয় গোপনের উদ্দেশে মরদেহটি বস্তাবন্দি করে নির্জন পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

