যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ করতে পাকিস্তানকে ইরানের নতুন প্রস্তাব – DesheBideshe

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ করতে পাকিস্তানকে ইরানের নতুন প্রস্তাব – DesheBideshe



যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ করতে পাকিস্তানকে ইরানের নতুন প্রস্তাব – DesheBideshe

তেহরান, ২৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধের স্থায়ী নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে একটি কার্যকর রূপরেখা প্রদান করেছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই কাঠামোর লক্ষ্য হলো সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। তবে এই প্রস্তাবের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করেননি তিনি।

ইসলামাবাদ সফরে গিয়ে আরাঘচি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান সংলাপ ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই ইরানি মন্ত্রী।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনার সঙ্গে ইরানের পারমাণবিক ইস্যুর কোনো সম্পর্ক নেই।

ইরানের প্রস্তাবিত এই রূপরেখার মূল শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে নতুন আইনি কাঠামো প্রবর্তন এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়। এছাড়া ভবিষ্যতে ইরানের ওপর পুনরায় কোনো সামরিক আগ্রাসন চালানো হবে না মর্মে নিশ্চয়তা এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

এদিকে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, আলোচনার জন্য তেহরান একটি নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা অবশ্যই দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে হবে। এতে তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি এবং পুনরায় হামলা না করার গ্যারান্টি থাকতে হবে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬



Explore More Districts