প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ২৫ দিনেই এলো ২৫৭ কোটি ৮০ লাখ ডলার – DesheBideshe

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ২৫ দিনেই এলো ২৫৭ কোটি ৮০ লাখ ডলার – DesheBideshe



প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ২৫ দিনেই এলো ২৫৭ কোটি ৮০ লাখ ডলার – DesheBideshe

ঢাকা, ২৬ এপ্রিল – দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রেখে চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

তথ্যানুযায়ী এপ্রিল মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার এবং পরবর্তী পাঁচ দিনে এসেছে আরও ৩৬ কোটি ১০ লাখ ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের তুলনায় এই আয়ের পরিমাণ ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল। ঐ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ আয়।

এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ও ৩০২ কোটি ৭ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছিল।

গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন যা দেশের ইতিহাসে যে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে গণ্য হচ্ছে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬



Explore More Districts