যশোর সীমান্তে ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts