যশোরে নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন যশোর শহরের চাঁচড়া এলাকার মৃত কামরুলের ছেলে মেহেদী হাসান, ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন এবং কচুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে আবু সাইদ দফাদার। আবু সাইদ দফাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়,আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও পুলিশের দাবি।
আটকের পর তাদের পৃথক দুটি মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


