স্টাফ রিপোর্টার: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে যশোর সদর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ১০টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। উৎপাদনশীলতা বাড়বে তেমনি টেকসই কৃষি বিষয়ক কার্যক্রম নিশ্চিত হবে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে কৃষি ব্যবস্থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু ,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ ,বিআরডিবি পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, অতিরিক্ত কৃষি অফিসার অরুণ রায়, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক প্রমূখ।
বিএনপি নেতা খোকন বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই মেলা সেই লক্ষে একটি কার্যকর ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপজেলা প্রাঙ্গণে স্থাপিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক- কিষানিরা উপস্থিত ছিলেন।#


