বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

রাত ১০টার দিকে ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। বিশেষ করে কক্ষের আলমারির ভেতরে থাকা বালিশ, কম্বল রাখার স্থানসহ কয়েকটি জায়গায় উইপোকার বাসা এবং বিপুল পরিমাণে উইপোকা দেখা যায়। এতে অসুবিধাবোধ করে তাঁর সহকারী একান্ত সচিব সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে কম্বলও চান তিনি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা জানান, বিষয়টি জানানোর পরও তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে তিনি বিষয়টি কুমিল্লার এনডিসিকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এসএমএসের মাধ্যমে জানান। এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা। পরে শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ছেড়ে চলে যান।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এমন অব্যবস্থাপনা দুঃখজনক। একজন গুরুত্বপূর্ণ অতিথির কক্ষে সমস্যা দেখা দেওয়ার পরও দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

Explore More Districts