দ্বিতীয় দফায় উচ্চতর প্রশিক্ষণের জন্য এবার লাহোর যাচ্ছেন ৩৫ কর্মকর্তা। তাঁদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়ের। কাল ৮ নভেম্বর তাঁদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের নাম নির্বাচন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে।
তালিকার এক নম্বরে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, পাকিস্তান সরকারের আমন্ত্রণে ১৪ দিনের এই প্রশিক্ষণে দেশটির প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হয়, তা শেখানো হবে। এ ছাড়া সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সরকারি নীতিকৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।

