পাল্টাপাল্টি হামলা: যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র ও ইরান

পাল্টাপাল্টি হামলা: যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র ও ইরান

মাসব্যাপী চলমান যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গতকাল বৃহস্পতিবার দুই দেশ একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

তবে ইরান বলেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতির আর অবনতি চায় না।

ইরানের সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ করা দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ও ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিপরীতে মার্কিন বাহিনী বলেছে, ইরানের আক্রমণের পাল্টা জবাব দিতেই গুলি চালিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ পাল্টাপাল্টি হামলাকে ‘লাভ ট্যাপ’ (সামান্য আঘাত) বলে আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, যুদ্ধবিরতি এখনো কার্যকর।

এমন এক সময়ে এ পাল্টাপাল্টি হামলা হলো, যখন ওয়াশিংটন একটি শান্তি প্রস্তাবের ব্যাপারে ইরানের উত্তরের অপেক্ষায় ছিল। যুক্তরাষ্ট্রের দেওয়া এ প্রস্তাবে যুদ্ধ বন্ধের কথা থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো অমীমাংসিত রাখা হয়েছে।

Explore More Districts