
ঢাকা, ২৬ এপ্রিল – পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার।
তানজিদ তামিম সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন তিনি।
অন্যদিকে ২৩ বছর বয়সী অমিত হাসান ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে নির্বাচকদের নজর কেড়েছেন। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তার ব্যাটিং গড় প্রায় ৪৯।
দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের শেষ ভাগের পর তারা আবারও সাদা পোশাকে মাঠে নামবেন।
এছাড়া প্রায় এক বছর পর অফ স্পিনার নাঈম হাসান দলে ফিরেছেন। নির্বাচক হাবিবুল বাশার জানান যে তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য টেস্ট ক্রিকেটের জন্য বেশ কার্যকর হবে।
আগামী ৮ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে সিলেটে।
ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬





