দেওয়ানগঞ্জে অবৈধভাবে ভেজাল ও নকল ব্র্যান্ডের জুস তৈরি এবং বিক্রির অভিযোগে একজন আটক – দৈনিক আজকের জামালপুর







রশিদুল আলম সিকদার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভেজাল ও নকল ব্র্যান্ডের জুস তৈরি এবং বিক্রির অভিযোগে মোঃ লুৎফর রহমান লতু (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে জুস তৈরির নানা সরঞ্জাম, ক্ষতিকর কেমিক্যাল, নামীদামী ব্র্যান্ডের নকল লেবেল এবং বিপুল পরিমাণ প্রস্তুতকৃত ভেজাল জুস উদ্ধার করা হয়। গত ১০ আগস্ট (সোমবার) রাতে দেওয়ানগঞ্জ মডেল থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মিতালী বাজার সংলগ্ন মিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত লুৎফর রহমান ওই এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন সহ পুলিশের একটি দল অত্র এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে ছিল। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, লুৎফর রহমানের বাড়িতে অবৈধ কারখানা খুলে নকল জুস তৈরি করা হচ্ছে। সংবাদ পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেনের নির্দেশনা ও নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে হানা দিলে ৫/৬ জন অজ্ঞাতনামা সহযোগী অন্ধকারে পালিয়ে গেলেও মূল অভিযুক্ত লুৎফরকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বোতলের ক্যাপ লাগানোর মেশিন, ইলেকট্রিক মিক্সার, ৩টি হ্যান্ড প্যাকেজিং মেশিন, হট এয়ার গান, মেয়াদী সীল, ১ হাজার ২০ টি লাল ক্যাপ, ৫৫০টি নীল ক্যাপ, ১৬৫টি খালি বোতল এবং বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের প্রচুর নকল লেবেল। এছাড়া বোতলজাত করার জন্য সেগারিন, টক চিনি, এসবি ডেইট পাউডার, বিট লবণসহ কমলা, আম, লিচু, তেঁতুল ও স্পীডের নানা ফ্লেভারের রাসায়নিক তরল উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে এএফ ম্যাংগো ফ্রুটিকা, ক্লেমন, পপস জুস, তাজা জুস, স্পিড ও ড্রিংকু ব্র্যান্ডের বিপুল পরিমাণ বোতলজাত ও কেস ভর্তি ভেজাল জুস জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জুস তৈরির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং উদ্ধারকৃত মালামালের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। আসামীসহ তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নকল জুস তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


Explore More Districts