চাঁদপুরে ঢাবিয়ানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে ঢাবিয়ানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে চাঁদপুরে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবিয়ান, চাঁদপুরের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) চাঁদপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা, গবেষণা এবং জাতীয় জীবনে বিশ্ববিদ্যালয়টির অনন্য অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কাটানো শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ১৯২১ সালের ১ জুলাই ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা, সংস্কৃতি, গণতান্ত্রিক আন্দোলন এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ঐতিহ্যকে ধারণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, পিবিআই-এর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ঢাবিয়ান, চাঁদপুরের সভাপতি আলমগীর হোসেন বাহার, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, সদস্য আব্দুল মতিন সরকার নিশাত, পূরবী সরকার সম্পা, নিলাঞ্জন, তানজিল আহমেদ, মো. মাহবুবুর রহমান, শহীদ উদ্দিনসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন ঢাবিয়ান সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে কেক কাটা হয়। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২ জুলাই ২০২৬

Explore More Districts