| ৭ September ২০২৬ Monday ৩:২২:০২ PM | |
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে উল্টে পড়েছে। এতে বাসের অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘ইরান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক বাসটিকে জোরে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে বাসটি উল্টে মহাসড়কের পাশের গভীর খালে পড়ে যায়।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধারকাজ শেষ করে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বাসটি বড় দুর্ঘটনার কবলে পড়লেও সৌভাগ্যবশত যাত্রীদের প্রাণহানি এড়ানো গেছে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খালে পড়ে যাওয়া বাসটি তুলতে রেকার দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
