মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা; রংপুরের সাজু গ্রেফতার

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা; রংপুরের সাজু গ্রেফতার

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা; রংপুরের সাজু গ্রেফতার

​নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ।

​গ্রেফতারকৃত সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ। এ সময় তিনি একটি মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে তা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেফতারের ভয় দেখিয়ে কৌশলে ওই চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

​পরবর্তীতে গতকাল ৭ জুন (রবিবার) বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে অভিযুক্ত সাজুকে দেখে ভুক্তভোগী যতিন চাষা তাকে শনাক্ত করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটকে রেখে বড়লেখা থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে বড়লেখা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে “ASP” পদবি উল্লেখ ছিল। পরে আইডি কার্ডটি যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন; বরং ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

​অভিযানকালে পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজুর বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণার মামলা রয়েছে।

​বড়লেখা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আসামির বিরুদ্ধে পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় একটি প্রতারণার মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts