ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আইএইএ-র পরমাণু যাচাই কার্যক্রম পুনরায় শুরুর শর্ত ইরান-চীন-রাশিয়ার – DesheBideshe

ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আইএইএ-র পরমাণু যাচাই কার্যক্রম পুনরায় শুরুর শর্ত ইরান-চীন-রাশিয়ার – DesheBideshe



ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আইএইএ-র পরমাণু যাচাই কার্যক্রম পুনরায় শুরুর শর্ত ইরান-চীন-রাশিয়ার – DesheBideshe
ইরান-চীন-রাশিয়া

তেহরান,১৯ নভেম্বর-ইরানের বিরুদ্ধে চলমান বিনা উসকানির আগ্রাসন বন্ধ করাকে দৃঢ় পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছে ইরান, চীন ও রাশিয়া। দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে, এই আগ্রাসন বন্ধ হলেই কেবল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) যাচাইকরণ কার্যক্রম পুরোপুরি আবার শুরু করা সম্ভব।

গত বুধবার ভিয়েনায় আইএইএ বোর্ড অব গভর্নরসের অধিবেশনে ইরানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সুরক্ষা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত আলোচ্যসূচির অধীনে দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো এ কথা জানায়।

যৌথ বিবৃতিতে দেশ তিনটি বলেছে, আইএইএ-র সুরক্ষা ব্যবস্থার আওতায় থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এবং ভবিষ্যতে আরও আগ্রাসনের অব্যাহত হুমকির কারণে স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে তারা বলেছে, ইরানে যেকোনো ধরনের যাচাইকরণ কার্যক্রম নির্ধারণের ক্ষেত্রে এটিই এখন প্রধান বিবেচ্য বিষয়। বিবৃতিতে বলা হয়, আগ্রাসনের ঘটনা এবং বলপ্রয়োগের অব্যাহত হুমকির কারণে তৈরি হওয়া বাস্তব প্রতিবন্ধকতাগুলো যথাযথভাবে বিবেচনা না করে ওই স্থাপনাগুলোতে স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য শর্তহীনভাবে জোর দেওয়া ইরানে সংস্থাটির যাচাইকরণ কার্যক্রম পুরোপুরি আবার শুরু করার ক্ষেত্রে সহায়ক হবে না।

তাই যাচাইকরণ কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টি আগ্রাসন বন্ধ করা, নতুন করে আগ্রাসনের সব হুমকি দূর করা এবং এ ধরনের হামলা বা হুমকির পুনরাবৃত্তি আর ঘটবে না—এ বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছে দেশগুলো।

ইরান, চীন ও রাশিয়া যুক্তি দিয়েছে, ইরান এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা ও হুমকি জাতিসংঘ সনদে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকির ওপর আরোপিত নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন। এর ফলে আইএইএ-র যাচাইকরণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পরিবেশ নষ্ট হয়েছে এবং সংস্থাটির সুরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, অখণ্ডতা ও কার্যকারিতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। তবে ২০২৬ সালে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএ-র নির্ধারিত সব পরিদর্শনের জন্য ইরানের দেওয়া অনুমোদনের বিষয়টিও যৌথ বিবৃতিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে, যা সংস্থাটির মহাপরিচালকের প্রতিবেদনেও উল্লেখ রয়েছে। রাশিয়া, চীন ও ইরান বলেছে, গুরুতর প্রতিবন্ধকতা এবং বলপ্রয়োগের অব্যাহত হুমকি থাকা সত্ত্বেও এসব পরিদর্শন প্রমাণ করে, তেহরান এখনো তার সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতা এবং সংস্থাটির সঙ্গে সদিচ্ছাপূর্ণ সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে দেশগুলো বলেছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়াই বর্তমান পরিস্থিতি মোকাবিলার একমাত্র কার্যকর ও বাস্তবসম্মত উপায়। ইরান ও আইএইএ-র মধ্যে সহযোগিতা সহজ করতে দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশ তিনটি। একই সঙ্গে বিদ্যমান চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলতে পারে অথবা আলোচনা ও সহযোগিতার জন্য প্রয়োজনীয় পরিবেশকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ বা অবস্থান এড়িয়ে চলারও আহ্বান জানিয়েছে তারা।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Explore More Districts