| ৯ November ২০২৬ Monday ১:১৪:৫০ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারীও রয়েছেন।
রোববার দুপুরে নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোণা ছিল।
পুলিশ জানায়, তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিরাজ মোল্লাকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে।
মামলার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
এদিকে, ঘটনার পর দপদপিয়া এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় অনেকেই গ্রেপ্তারের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

