অনেকেই রাতারাতি বিশাল বিত্তবৈভবের মালিক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ব্যবসা শুরু করেন, আর সেই লক্ষ্যে পৌঁছাতে না পেরে হতাশায় ভেঙে পড়েন। অথচ ব্যবসার দ্বিতীয় মহৎ উদ্দেশ্য হলো কারও কাছে হাত না পেতে হালাল উপার্জনের মাধ্যমে নিজের ও পরিবারের আত্মমর্যাদা রক্ষা করা।
ইসলামি আইনজ্ঞ ড. হুসামুদ্দিন আফানাহ ব্যবসায়ীদের উদ্দেশে লিখেছেন, একজন ব্যবসায়ীর মূল নিয়ত হওয়া উচিত হালাল জীবিকার মাধ্যমে নিজেকে হারাম থেকে বাঁচানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। (হুসামুদ্দিন আফানাহ, ফিকহুত তাজিরিল মুসলিম, পৃ. ২৫, মাকতাবাতু দান্দিস, জেরুজালেম, ২০০৮)
ইসলাম সম্পদ অর্জনে বাধা দেয় না, তবে সম্পদের অন্ধ প্রতিযোগিতা মানুষকে যেভাবে আত্মকেন্দ্রিক করে তোলে, সে বিষয়ে সতর্ক করে। (সুরা তাকাসুর, আয়াত: ১-২)
নবীজি (সা.) আমাদের শিখিয়েছেন, ধনসম্পদের প্রাচুর্যে প্রকৃত ধনী হওয়া যায় না; বরং প্রকৃত সচ্ছলতা হলো অন্তরের প্রশান্তি। (সহিহ মুসলিম, হাদিস: ১০৫১)

