যশোরে পুলিশের বিশেষ অভিযানে মো. সুমন শেখ (৪০) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহরের পুলিশ লাইন-সংলগ্ন টালিখোলা মোড় এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত সুলতান মাহমুদ শেখ এবং মা কমলা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন শেখ যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি জেলা যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি যুবলীগ নেতা টাক মিলনের পক্ষে বিভিন্ন স্থানে ও দোকানদারদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় ছাত্র-জনতা তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এরপর থেকে তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না।
সুমনের গ্রেপ্তারের বিষয়টি যশোরে রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় যুক্ত হয়েছে।



