| ১০ October ২০২৬ Saturday ৮:০০:০৪ PM | |

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে দুই মৌসুমী ইলিশ শিকারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন ও বাবুগঞ্জ থানা পুলিশ।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার মো. জসিম হাওলাদার (৩৮) ও মো. শামীম হাওলাদার (৩৮)।
অভিযান চলাকালে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি চায়না দুয়ারি জাল এবং আনুমানিক ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

