মামলার পর আজ শনিবার ভোররাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার ওরফে বাবু (৩৪), গণি সরদারের ছেলে রিয়াজ সরদার (২৩) এবং সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মো. শরীফ মণ্ডল (২৭)। পরে দুপুরে এ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। তার কিছুক্ষণ পর তাঁদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।
পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে চৌধুরী ফুয়াদ হাসানকে ডেকে নিয়ে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পানিতে ভেসে ওঠা ঠেকাতে পেট কেটে বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত টি-শার্ট, গামছা ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের মাদকাসক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল ইন্ধনদাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

