বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিজ্ঞান ও চিকিৎসাবিষয়ক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের সমন্বিত জরিপের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হয়।
গবেষকের সংখ্যার হিসাবে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে যবিপ্রবি।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণার প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
তালিকায় পেশাগত জীবনের সামগ্রিক গবেষণা কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ‘ক্যারিয়ার-লং’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন যবিপ্রবির চার গবেষক। তারা হলেন—কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান এবং গবেষক সাইফুল ইসলাম।
এ ছাড়া ‘সিঙ্গেল-ইয়ার’ ক্যাটাগরিতে এই চারজনের পাশাপাশি আরও সাত গবেষক তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন—জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মশিয়ার রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক সাইবুর রহমান মোল্লা, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. আমজাদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. বিপ্লব হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক তানভির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গবেষক পার্থ কুমার বিশ্বাস।
যবিপ্রবির ১১ গবেষকের এই অর্জনকে আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় এর ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির গবেষকরা স্থান করে নেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের শিক্ষকরা দীর্ঘদিনের পরিশ্রম ও গবেষণার মাধ্যমে এই অর্জন করেছেন। তাদের এই সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘শিক্ষকরা যাতে আরও ভালোভাবে গবেষণা করতে পারেন, সে জন্য গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’


