ফুমির সঙ্গে রিনের দর্শনের এখানেই সংঘাত। ফুমির প্রশ্ন, যে মানুষ শারীরিকভাবে অসুস্থ নয়, তার শরীর কেন বদলাতে হবে? আর রিন মনে করেন, মানুষের মানসিক কষ্টও তো কষ্ট; তাই সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারকে শুধুই অহেতুক ভোগবিলাস বলা যায় না। এ দ্বন্দ্বই ধীরে ধীরে হয়ে ওঠে ক্ষমতা, অর্থ, খ্যাতি, পারিবারিক সম্পর্ক ও চিকিৎসার নৈতিকতার জটিল এক গল্প।
আলোচিত অভিনয়শিল্পীরা
সিরিজটির বড় শক্তি দুই অভিনেত্রী। ফুমির চরিত্রে অভিনয় করেছেন মায়ু মাতসুওকা। শপলিফটার্স সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী এখানে এমন এক চিকিৎসককে তুলে ধরেছেন, যিনি দক্ষ কিন্তু নিজের নৈতিক অবস্থান নিয়ে একগুঁয়ে। রিন তইয়ামার চরিত্রে দেখা যায় রিসা নাকাকে। তিনি এমন এক চিকিৎসক, যাঁর কাছে সৌন্দর্য শুধু বাহ্যিক বিষয় নয়—বরং আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ। দুজনের অভিনয়ই সিরিজটির অন্যতম আকর্ষণ। রটেন টমেটোজে প্রকাশিত সমালোচনায়ও মায়ু মাতসুওকা ও রিসা নাকার দ্বন্দ্বকে সিরিজটির অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
